চট্টগ্রাম রাজনীতি

জীবনের বিনিময়ে হলেও সরকারকে বিদায় করা হবেঃ আমীর খসরু

 

পদযাত্রা কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামে স্মরণকালের বড় ধরনের শোডাউন করেছে বিএনপি। বুধবার বিকেলে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ আয়োজনে নগরীর কাজীর দেউরীর নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করা হয়। নিউমার্কেট ও বিআরটিসি বাস স্টেশন হয়ে দেওয়ানহাটের অদূরে বাইতুশ শরফ মসজিদের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়।
দেড় থেকে দুই কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় দলটির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পদযাত্রা কর্মসূচি নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দুপুর থেকে নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও জেলার বিভিন্ন থানা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাসিমন ভবনের সামনে জড়ো হন। বিকেল ৩টার মধ্যে পুরো এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠে। কর্মসূচিতে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা ছিলেন। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কর্মসূচিতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে নাসিমন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জীবনের বিনিময়ে হলেও বর্তমান সরকারকে বিদায় করা হবে উল্লেখ করে বলেন, ‘লক্ষীপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জে আক্রমণ করা হয়েছে। ফেনীতে লাখ লাখ জনগণের ওপর আক্রমণ করা হয়েছে। তবুও আমরা সহিংসতার দিকে যাইনি। জনতা আমাদের সঙ্গে আছে। তারা আওয়ামী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী, কিছু লুটেরা ব্যবসায়ীদের ওপর নির্ভর করে।’ শেখ হাসিনা যদি ভালোয় ভালোয় বিদায় না নেন, তাহলে আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যে তাকে বিদায় নিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি।
নীতিনির্ধারণী পর্যায়ের এই বিএনপি নেতা আরও বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের গণতন্ত্রকামীদের আন্দোলনকে সমর্থন দিচ্ছে। বাংলাদেশে আন্তর্জাতিকমানের সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। মানুষের বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা দেখতে চায় তারা। বাংলাদেশের মানুষ যা ভাবছে, তারাও তা ভাবছে।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভোট চুরির কথা ভুলে যান। ডিসি-ইউএনওদের দিয়ে প্রশাসন সাজিয়ে কাজ হবে না। সংবিধান ভুলে যান। নির্বাচনের পরও সংবিধান সংশোধন করা যাবে। পরিস্কার বলতে চাই, এবার দেশে আর্ন্তজাতিকমানের নির্বাচন হতে হবে।’ এ সময় সুশৃঙ্খলভাবে আন্দোলন করায় বিএনপি এ পর্যন্ত আসতে পেরেছে বলে মন্তব্য করেন আমীর খসরু।

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও এসএম ফজলুল হক, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএএম নাজিম উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

Related Posts