অপরাধ চট্টগ্রাম

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ফেসবুক লাইভে এসে পুলিশকে পেটানো ও হত্যার হুমকি প্রদানকারি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঢাকার বসন্ধুরা শপিং মল থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম পুলিশের এডিসি মো. জাহাঙ্গির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ফেইসবুক লাইভে এসে প্রকাশ্যে থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার দুই দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়।
হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে।
এই ‘ছোট সাজ্জাদ’ হলেন হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অনুসারী।
দুই যুগ আগে চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কে দিনের বেলায় আড়াআড়ি বাস রেখে ছাত্রলীগ নেতা কর্মীবাহী মাইক্রোবাস আটকে গুলি চালিয়ে আটজনকে হত্যার আসামি ছিলেন সাজ্জাদ হোসেন। তার অনুসারী হিসেবে তার পক্ষে বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি করেন ছোট সাজ্জাদ।
গেল বছরের ২১ অক্টোবর বিকালে চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় কালো রংয়ের একটি গাড়িতে করে গিয়ে তাহসিন নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। তার বিরুদ্ধে ৫ আগস্ট অনন্যা আবাসিক এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে।
ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় প্রধান আসামি করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে।
এছাড়াও চাঁদার জন্য বিভিন্ন ভবনে প্রকাশ্যে অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সাজ্জাদ জড়িত বলে পুলিশের ভাষ্য।
আত্মগোপনে থাকা সাজ্জাদ সম্প্রতি ফেইসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেন।
নিজের ফেইসবুক আইডি থেকে সাড়ে ১৯ মিনিটের লাইভে আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, বায়েজিদ থানার ওসি আরিফ হোসেন ‘বাড়াবাড়ি’ করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাকে ‘কালার’ করা হচ্ছে। বাধ্য হয়ে তিনি ফেইসবুক লাইভে এসেছেন, যাতে পুলিশের ঊর্ধ্বতনরাও তার কথাগুলো শুনতে পান।
ওসি আরিফকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, তিনি যদি পুলিশ না হতেন, তাহলে ‘রাস্তায় ন্যাংটো করে পেটাতেন’। আদালতকে ‘সম্মান করেন’ বলে সাজ্জাদ কিছু করছেন না।
হুমকির ঘটনায় ওসি আরিফ হোসেন থানায় সাধারণ ডায়েরি করেছেন।

Related Posts