ভুল আয়োজন //
রীতা ধর
সকালও ঠিক তোমায় চেনে
সকালও বোঝে শিশিরের অবগাহন,
যেমন করে মেঘ বোঝে
আকাশের নীরবতা
তার নিজস্ব উচ্চারণ।
তোমার সাথে নেইতো কোন স্মৃতি
বিচ্ছেদেরও গোপন আয়োজন,
রাত থেকে ভোর ভাগ্যের রেখা
নিত্য খেলে জীবন নিয়ে
ভাঙ্গা গড়ায় ছন্দপতন।
বর্ষা যেমন তিরতিরিয়ে নামে
শ্রাবণ ঢলে হঠাৎ পথও থামে,
নীলাম্বরে জলকণার ছিন্ন সঞ্চারী
চোখের নীচে কালো রেখায়
স্রোতের মতো নামে।
বসন্তও তোমায় জানে খুব
মিলন নেশায় মাতাল রঙে ডোবে,
খোঁপায় দোলে ভাঁটফুলের ঘ্রাণ
সাধ্য কি তার
বিষাদ আমায় ছোঁবে?












