উপজেলা চট্টগ্রাম মেডিকেল

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ,নিহত ৫

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি চিকিৎসা সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেসরকারি ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাও থাকবেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে সীতাকুণ্ডের ফৌজদারহাট বাংলাবাজার এলাকার বাসিন্দা ফরিদ (৩৪) আছেন। আরেকজন পথচারী শামসুল আলম (৬৫), তিনি সীতাকুণ্ডের কদমরসুল এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার বেসরকারি একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারি করতে দেখা যায় চট্টগ্রাম মেডিকেলে

আহতদের বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসার খবর নিতে সন্ধ্যায় সেখানে যান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম।

তিনি সাবাদিকদের বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

“আহতদের চিকিৎসার সব খরচ ও ওষুধ দেওয়া হবে।”

বিস্ফোরণে পুরো প্ল্যান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকট বিস্ফোরণে অনেকের দেহের বিভিন্ন অংশ উড়ে যেতে দেখেছেন স্থানীয়রা।

 

Related Posts