চট্টগ্রাম রাজনীতি

ফটিকছড়ি আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্ব মেটালেন ইঞ্জিনিয়ার মোশাররফ

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
সোমবার (২৪ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়েই শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে। তবেই এই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐকবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, নৌকাকে বিজয়ী করতে হবে। ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামী লীগই সকল ষড়যন্ত্রের জবাব দেবে।

আওয়ামী লীগের বর্ষীয়াণ এই নেতা বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিলো। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বিশ্ব নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশরিবোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা সফল হবে না।

সভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা জানান, চট্টগ্রাম জেলা পরিষদের ডাক বাংলোয় অনুষ্ঠিত গতকালের ওই সভা শেষে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরীর মধ্যে বিরাজমান রাজনৈতিক গ্রুপিং মিটিয়ে দেন মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি চেয়ারম্যান তৈয়ব। বিষয়টি জানতে ফোন দেওয়া হলেও কল রিসিভ করেননি মুহুরী।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাপুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ্, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, ইঞ্জিনিয়ার মো. হারুন, আবু তালেব চৌধুরী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, রুস্তম আলী চেয়ারম্যান, মেয়র মো. ইসমাইল হোসেন, তৌহিদুল আলম বাবু, ফখরুল আনোয়ার, আবদুল হালিম চেয়ারম্যান, হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব, বখতেয়ার সাইদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ প্রমুখ।

Related Posts