চট্টগ্রামের সীতাকুন্ডস্থ আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনে গতকাল ২৬ ফেব্রয়ারি বুধবার দিন-রাত ব্যাপী মহাপূণ্যময় শিব চতুর্দশী তিথি ও শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল-শ্রীশ্রী বিশ্বনাথ মন্দিরের রুদ্রাভিষেক, শিব ঠাকুরকে স্নান করানো, ঠাকুরের পূজা, গীতাযজ্ঞ, গীতা পাঠ ও প্রসাদ বিতরণ। পূজাসহ মন্ত্র পাঠের মাধ্যমে ডাবের পানি ও দুধ দিয়ে শ্রীশ্রী বিশ্বনাথ ঠাকুরকে (শিব) স্নান করান শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ গুরু পরম্পরা পঞ্চম আচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। মঠের সর্বস্তরের সাধু-সন্তুু-ব্রহ্মচারী, পূণ্যার্থী ও ভক্তগণের উপস্থিতিতে শিবচতুর্দশীর অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়। এসময় অসংখ্য ভক্ত ও পূণ্যার্থী মন্ত্র পাঠের মাধ্যমে ডাবের পানি ও দুধ দিয়ে শ্রীশ্রী বিশ্বনাথ ঠাকুরকে (শিব) স্নান করান। অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শঙ্কর মঠের পক্ষ থেকে জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।###












